ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের গত শতকের আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপ ও রক গায়ক রিচার্ড মার্কস। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ আয়োজনে গান করবেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠানটি আয়োজন করছে ক্রেইনস। জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় রিচার্ড মার্কস ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে ভেন্যু দেখেছেন আর সাউন্ড চেক করেন। এর ফাঁকে একটু প্র্যাকটিসও করেছেন।
ক্রেইনস লিমিটেডের চিফ অপারের্টিং অফিসার কাজী ফয়সাল আহমেদ বলেন, ‘কনসার্টের সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার রিচার্ড মার্কসের ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার এসেছেন। আর আজ এসেছেন রিচার্ড মার্কস আর তার মিউজিশিয়ানরা।’
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ১১ মে রিচার্ড মার্কস লিখেছেন, ‘প্রথমবারের মতো ঢাকায় গান করব। আমি দারুণ রোমাঞ্চিত!’
রিচার্ড মার্কসের খুব জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে—‘রাইট হিয়ার ওয়েটিং’, ‘হোল্ড অন টু দ্য নাইটস’, ‘এন্ডলেস সামার নাইটস’, ‘স্যাটিসফাইড’, ‘শুড হ্যাভ নোন বেটার’, ‘ডোন্ট মিন নাথিং’, ‘নাউ অ্যান্ড ফরএভার’, ‘অ্যাঞ্জেলিয়া’, ‘হ্যাজার্ড’, ‘চিলড্রেন অব দ্য নাইট’।







