করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে তার মেয়ে সানজিদা শারমিন গাজী মৌসুমি জানান।
বীর মুক্তিযোদ্ধা গাজী সালেহ উদ্দীনের বয়স হয়েছিল ৭৩ বছর। কোভিডে আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার তাকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়
তার মৃত্যুতে কানাডাসহ উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী সামপ্রদায়িক অপশক্তির বিরুদ্ধে তার গবেষণামূলক লেখনীতে তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়।
যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রশাসন বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. আশরাফ উদ্দিন আহমেদ ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, একজন সহকর্মী হিসেবে তিনি যেমন ছিলেন বিশ্বস্ত, সদা বন্ধুসুলভ পাশাপাশি তার দেশপ্রেম ছিল তুলনাবিহীন। শিক্ষক, গবেষক হিসেবে তিনি দেশের জন্য অকাতরে কাজ করেছেন। সত্যের পক্ষে আপোষহীন এমন বিরল ব্যক্তিত্বের অকাল মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার সভাপতি এএমএম তোহা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এক যৌথ বিবৃতিতে কানাডায় বসবাসরত এলামনাইদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিনম্র সহানুভূতি জানান।








