শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
রোববার ১২ ডিসেম্বর বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। আদেশের বিষয়টি জানিয়েছ আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।
গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন করা হয়নি বলে শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হলে হাইকোর্ট আজ এ আদেশ দেন।







