টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ঘরের মাঠে খেলা হচ্ছে। চট্টগ্রাম আবাহনীর সামনে অনুপ্রেরণা হতে পারতো অনেককিছুই। কিন্তু শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে ভয়ের চোরাস্রোতই বইয়ে দিয়েছিল দলটি। শেষ পর্যন্ত অবশ্য ঘুরে দাঁড়িয়ে ড্রয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।
শেখ কামাল ক্লাব কাপে শুক্রবার নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদির সাথে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এতে তিন ম্যাচে একটি জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নিলো সাইফুল বারী টিটোর দল।
এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার ‘বি’ গ্রুপের এই ম্যাচে জয় অথবা ড্র করলেই চলত বন্দরনগরীর দলটির। ম্যাচের তিন মিনিটেই অবশ্য পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আফেজ ওলাডিপো হেডে গোল করে মানাংকে এগিয়ে দেন।
ম্যাচের ২২ মিনিটে ওলাডিপোর দ্বিতীয় গোলেই আরেকবার পিছিয়ে পরে চ্যাম্পিয়নরা। পরে প্রথমার্ধের ৩২ মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান ডিফেন্ডার নাসির উদ্দীন চৌধুরী।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। এক পর্যায় আবাহনীর ওয়ালসনের শট হাতে লাগে মানাংয়ের সিসাকোর। রেফারী পেনাল্টির বাঁশি বাজান। ৬৩ মিনিটে পাওয়া সুযোগে স্পটকিকে সমতা আনেন অগাস্টিন ওয়ালসনে। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দলটি।










