প্রায় হারতে হারতে শেষ পর্যন্ত ড্র করে রক্ষা পেয়েছে মেসিবিহীন
আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে
ভেনিজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টাইনরা।
ইনজুরির কারণে এই
ম্যাচে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতি দলের খেলায়
ভালভাবেই প্রভাব ফেলে।
খেলার প্রথমার্ধেই পিছিয়ে পড়ে মেসিবিহীন আর্জেন্টাইনরা। ৩৫ মিনিটে সালোমন রনডনের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন হুয়ান পাবলো অ্যাকস্তা। বিরতির পর আরো ধারালো আক্রমণ করে ভেনেজুয়েলা। ৫৩ মিনিটে জোসেফ মার্টিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
এর পাঁচ মিনিট পরেই একটি গোল পরিশোধ করে আর্জেন্টিনা। দারুণ শটে দলকে গােল এনে দেন ফরোয়ার্ড লুকাস প্রাতো। ৮৩ মিনিটে ওটামেন্ডির গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
আগের ম্যাচে মেসির একমাত্র গােলে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
দিনের অপর ম্যাচে এডিনসন কাভানির দুই ও রদ্রিগেজ ও সুয়ারেজের একটি করে গোলে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে উরুগুয়ে। এছাড়া চিলি ও বলিভিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।







