রাজধানীর মধ্য বাড্ডার একটি ডেন্টাল ক্লিনিক থেকে লিজা আক্তার নামে ২১ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার বিকেলে মধ্য বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সরণির হাজী রুস্তম আলী ম্যানশনে হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণীকে হত্যা করা হয়েছে। মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পেছন থেকে কোপের চিহ্ন বেশি। কে বা কারা ওই তরুণীকে হত্যা করেছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে।
তিনি বলেন: জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের মালিক নজরুল ও কেয়ারটেকার আমিনুলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত লিজা ওই ক্লিনিকে অভ্যর্থনাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম আরাফাত হোসেন।
নিহতের স্বামী আরাফাত বলেন: লিজার সঙ্গে তার শেষ কথা হয় দুপুর পৌনে ১২টায়। এসময় ক্লিনিকে সে একাই ছিল। কয়েক ঘণ্টা পরই ক্লিনিক থেকে লিজার নিহতের কথা জানানো হয়।







