রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সৈমী নূর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সৈমীর বাবার নাম সৈকত, মায়ের নাম উর্মি।
এ নিয়ে এবারের মৌসুমে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। সরকারের রোগ নিয়ন্ত্রণ বিভাগ কোনো জ্বরকে অবহেলা না করার পরামর্শ দিয়েছে। মশা নিধনে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সমাজের সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
চলতি বছর জানুয়ারি থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। এখন পর্যন্ত ১৬ জনে মৃত্যু হয়েছে। রাজধানীর ৫০টির বেশি হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবারও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দুইশ’ ছত্রিশ জন।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দুঃখজনক। চলতি মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্তরা নানা জটিলতায় ভুগছেন। কারণ হিসেবে একই ব্যক্তি দ্বিতীয় বার আক্রান্ত হওয়া এবং ২০০০ সালের পর এ বছর ডেঙ্গুর চারটি ভাইরাসের মধ্যে ‘ডেন-থ্রি’র সংক্রমণ হচ্ছে বলেও মনে করা হচ্ছে।
ডেঙ্গুর মৌসুমে জ্বরের সময় কোনো ধরনের ব্যথানাশক না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।







