‘ডুব’ ছবির কাহিনীর ব্যাপারে সুঅভিনেত্রী সুবর্ণা মুস্তাফা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে পাক্ষিক আনন্দ আলো।
ম্যাগাজিনটির এবারের প্রচ্ছদকাহিনী অভিনেত্রী রোকেয়া প্রাচীর একটি সাক্ষাতকার যেখানে প্রাচী বলেছেন, ‘ডুব’ হুমায়ূন আহমেদেরই জীবনকাহিনী। ওই প্রচ্ছদকাহিনীতে সুবর্ণা মুস্তাফারও একটি ছোট সাক্ষাতকার প্রকাশ হয়েছে।
আনন্দ আলোকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন: আমি আসল ঘটনা জানি না। কলকাতার কাগজে পড়লাম এটি নন্দিত কথাসাহিত্যিক বাংলাদেশের গর্ব হুমায়ূন আহমেদের জীবন কাহিনি নিয়ে নির্মিত।
‘যদি তাই হয় তাহলে পরিচালক কাজটা মোটেই ঠিক করেননি। হুমায়ূন আহমেদের ছেলে নুহাস এখন বড় হয়েছে। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতেন পরিচালক। আর শাওন তো আছেনই। অথচ তিনি কারও সঙ্গে কথা বলেননি।’
সুবর্ণা বলেন, একটা কথা মনে রাখা দরকার– হুমায়ূন আহমেদ আমাদের দেশের আইকন। তার জীবনকাহিনী অথবা তার জীবনের সাথে হুবহু মিলে যায় এমন কিছু নিয়ে আমি বা আমরা ইচ্ছে করলেই যা ইচ্ছে তাই করতে পারি না।
‘যদি কিছু করতেই হয় তাহলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে। তাদের অনুমতি নিতে হবে। ফারুকী এটা না করে থাকলে ভুল করেছেন। অন্যায় করেছেন,’ বলে মনে করেন তিনি।
ভারতের ইরফান খান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা এবং কলকাতার পার্নো মিত্র।










