শীতকালীন দলবদল মৌসুমের শুরুতেই নিজেদের সবচেয়ে প্রয়োজনের জায়গাটি পূরণে এগিয়ে গেল বার্সেলোনা। রক্ষণে শক্তি বাড়াতে ডিফেন্ডার হেইসন মুরিল্লোকে দলে টানা নিশ্চিত করেছে তারা। কলম্বিয়ান জাতীয় দল তারকাকে ন্যু ক্যাম্পে আনতে তার বর্তমান ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে সম্মতিতে পৌঁছেছে স্প্যানিশ জায়ান্টরা।
মুরিল্লোকে অবশ্য পাকাপাকিভাবে কিনছে না বার্সা। ছয় মাসের ধারে তিনি আর্নেস্তো ভালভার্দের দলে নাম লেখাচ্ছেন। সেজন্য ভ্যালেন্সিয়াকে দুই মিলিয়ন ইউরো দিতে হবে কাতালানদের।
আবার চুক্তি পাকাপাকি করার সুযোগও থাকছে। মৌসুম শেষে যদি মুরিল্লোর পারফরম্যান্সে নির্ভরতা পায় বার্সেলোনা, তখন পাকাপাকি চুক্তি করা যাবে। সেজন্য ভ্যালেন্সিয়ার একাউন্টে আরও ২৫ মিলিয়ন ইউরো ঢালতে হবে ন্যু ক্যাম্পের দলটিকে।
২৬ বছর বয়সী মুরিল্লো ২০১৪ বিশ্বকাপে প্রথম আলোচনায় আসেন। কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে তখনকার উঠতি তারকা হামেস রদ্রিগেজের সাথেই উচ্চারিত হয়েছিল তার নাম। তখন খেলতেন স্পেনেরই ক্লাব গ্রানাডায়। পরে নাম লেখান ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে। সেখান থেকে আবারও স্পেনে ফিরে ভ্যালেন্সিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।
বার্সার নজর ছিল, দরকারও ছিল। সেন্ট্রাল ডিফেন্সে জেরার্ড পিকে, টমাস ভারমালেন, স্যামুয়েল উমতিতি ও ক্লেমেন্ট ল্যাংলেটের সঙ্গী হয়ে এখন ভালভার্দের ডিফেন্স প্রহরী হতে মুরিল্লো কতটা সফল হবে সেটা জানুয়ারির দলবদলের পরই বোঝা যাবে।







