১৬ বছর ধরে মোহামেডান ম্পোর্টিং ক্লাবের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কোচ ইমতিয়াজ হোসেন পিলু। ৭ বার দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন, ৪ বার রানার্সআপ। খুলনায় তার অধীনে অনুশীলন করে বাংলাদেশ দলে খেলেছেন ডজনখানেক ক্রিকেটার। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু আগে প্রতিবারই তার ঢাকায় পা পড়ে। এবারও মোহামেডানের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু মিরপুরে অনুশীলনের প্রথম দিনেই ক্লাব ম্যানেজারের হস্তক্ষেপের অভিযোগ এনে ফিরে গেছেন খুলনায়। শুক্রবার বিকেএসপিতে ডিপিএলের উদ্বোধনী ম্যাচে সহকারী কোচ রিজভীর অধীনে নামবে মোহামেডান।
মোহামেডান কোচ ইমতিয়াজ হোসেনের অভিযোগ দলের ম্যানেজার ওয়াসিম খানের বিরুদ্ধে। কাজের স্বাধীনতা না থাকায় ক্লাব ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান ক্রিকেটার গড়ার কারিগর।
চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে ইমতিয়াজ হোসেন বলেন, ‘মোহামেডানকে নিজের দল মনে করেই এসেছি। শুধুমাত্র ভালোভাবাসা থেকেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। সাফল্যও অনেক পেয়েছি। কিন্তু ওয়াসিম খান যেভাবে হস্তক্ষেপ করছেন আমার কাজে তা মানা সম্ভব না। যেখানে স্বাধীনতা নেই সেখানে আমি থাকব না। আমি টপ ম্যানেজমেন্টকে জানিয়েছি, হয়ত সে থাকবে নয়তো আমি। এটা বলে গত পরশু আমি খুলনায় চলে এসেছি।’
কোচের অভিযোগের পর এ ব্যাপারে ওয়াসিম খান বলেন, ‘গত মৌসুমে দলের ফিল্ডিং খারাপ হওয়ায় এবার একজন সহকারী কোচ নেই আমরা। ফিল্ডিংয়ের কারণে আমরা রেজাল্ট করতে পারিনি। শুরু থেকেই রিজভী আমাদের দলের সঙ্গে আছেন। আরেকজন কোচ যোগ করাতেই সম্ভবত তার ইগোতে লেগেছে। যে কারণে আমার সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করেনি। তাকে ফোন দিয়েও পাইনি। তার জার্সি তৈরি করা আছে। সব কিছুই আমরা রেডি করে রেখেছি। আমাদের অফিসিয়ালরা, আমাদের খেলোয়াড়রা সবাই চায় অভিজ্ঞ কোচ আমাদের সঙ্গে থাকুক। তার দরজা মোহামেডানের জন্য সবসময়ই খোলা।’








