ঢাকাই ছবির জনপ্রিয় তারকা ডিপজল বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে তার চিকিৎসা। ডিপজলের হার্টে ব্লক ধরা পড়ার পর গতকাল হার্টের রক্তনালিতে রিং পড়ানো হয়েছে। সোমবার বিকেলে তার করোনারি স্ট্যান্টিং করা হয়।
তিনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা। আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত সপ্তাহে হৃদ্রোগে আক্রান্ত হন ডিপজল। প্রথমে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।








