ডিজিটাল টুলস ও প্রশিক্ষণ যেভাবে বদলে দেয় প্রতিষ্ঠানের কর্মীদের

একটি প্রতিষ্ঠানে ভালো কর্মী ধরে রাখা ও তৈরির ক্ষেত্রে ডিজিটাল বিভিন্ন টুলসের ব্যবহার বাড়ানো, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং এক্ষেত্রে যথেষ্ট বিনিয়োগ বেশ কার্যকর বলে প্রমাণিত হচ্ছে। তবে উদ্যমী ও পরিশ্রমী কর্মী ছাড়া এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে একটি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য এমন কিছু বিষয় তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রশিক্ষণের ব্যবস্থা
প্রতিষ্ঠানে ডিজিটাল যন্ত্রের সুব্যবস্থা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে আরও উৎপাদনশীল কর্মীবাহিনী পাওয়া সম্ভব। নিজেদের উন্নয়নের সুযোগ থাকায় তা কর্মীদের জন্য প্রণোদনা হিসেবে কাজ করে। এর ফলে কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি আরও নিবেদিত হয়।
নর্থ ওয়েস্ট এমপ্লোয়ি এনগেজমেন্ট গ্রুপের পরিচালক স্টিভ স্মিথ বলেন, অধিকাংশ কর্মচারীই নিজেদের দক্ষতা বাড়াতে এবং কর্মক্ষেত্রে আরও উন্নতির সুযোগ চায়। ডিজিটাল যন্ত্র কর্মীদের উদ্বুদ্ধ করতে, পারফরম্যান্স এবং উৎপাদনশীলতা বাড়াতে জোরালো প্রভাব রাখে।
প্রযুক্তি কেন এবং কিভাবে কাজে লাগে
প্রযুক্তিগত প্রশিক্ষণ শুধুমাত্র যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং এই প্রযুক্তি কেন এবং কিভাবে কাজ করবে তাও শেখাতে হবে। কোন প্রযুক্তির ব্যবহারে প্রতিষ্ঠান কতটা লাভবান হবে এবং কোন ভুল হলে কী করতে হবে এসব বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রশিক্ষণে সর্বোচ্চ বিনিয়োগ
ডিজিটাল যন্ত্র এবং সাম্প্রতিক প্রবণতাগুলো বিষয়ে কর্মীদের দক্ষ করে তুলতে হবে। তা ব্যয়বহুল হলেও এতে করে প্রাপ্ত ফলাফল লাভজনক।
এ ব্যাপারে চিলিসস সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেমস ব্যাডলি বলেন, ডিজিটাল প্রযুক্তি কোন খামখেয়ালি বিষয় নয়। তা এমন যন্ত্র বা সুযোগ সুবিধার দ্বার অবারিত করছে যা ১৫-২০ বছর আগে আমরা শুধু কল্পনাই করতে পারতাম। তাই তুমি তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগ না করলে নিশ্চিত থাকতে পারো তোমার প্রতিদ্বন্দ্বীরা তা করবে।



