রাজধানীর ধানমন্ডি থানায় সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।
বৃহস্পতিবার ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে থানায় এসে জিডি করেন ডা. জাহানারা এহসান।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে জিডি (নং-৩৩৪) করেছেন ডা. জাহানারা।
এর আগে ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।
বৃহস্পতিবার দুপুরে ৯৯৯-এ তিনি ফোন করে জানান: তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়। এরপরই পুলিশের একটি দল মুরাদ হাসানের বাসায় যায়।
বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে ধষর্ণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বির্তকের মুখে দেশত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই আড়ালে রয়েছেন মুরাদ হাসান।







