মনে করুন আপনি নিজেই একটি চিঠি যা কালের বিবর্তনে যুগ-যুগ ধরে ভ্রমণ করে চলেছে। কী বার্তা আপনি পৌঁছাতে চান আপনার পাঠকদের। এমনই প্রতিপাদ্য এবারের বিশ্ব ডাক দিবসের। ৯ অক্টোবর বিশ্ব ডাক সংস্থা’র (ইউপিইউ) প্রতিষ্ঠাবার্ষিকী যার পথচলা শুরু ১৮৭৪ সালে। এ দিনেই সারাবিশ্বে পালিত হয় বিশ্ব ডাক দিবস। চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগের বৈশ্বিক বিপ্লবের সূচনা করেছিল ইউপিইউ।১৯৬৯ সালে বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয়।ডাক সেবার গুরুত্বের উপর আলোকপাত করে সারা বিশ্বে এই দিবসটি পালন হচ্ছে।ডিজিটাল যোগাযোগের এ সময়ে ডাক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়লে ডাক ব্যবস্থার ঐতিহ্য এখনো টিকে রয়েছে এবং থাকবে বলেই মনে করে ইউপিইউ।







