ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৬ মাসের মধ্যে অনুষ্ঠানে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে ঢাবি কর্তৃপক্ষ।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই লিভ টু আপিল করা হয় বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে গত ১৭ জানুয়ারি এক রায়ে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছিল।
কিন্তু হাইকোর্টের ওই রায়ের পর সাত মাস পার হয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কী না, তা জানতে গত ৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।
এরপর উপাচার্যের পক্ষ থেকে সে লিগ্যাল নোটিশের একটা জবাব আসে। কিন্তু সেখানে নির্বাচনের ব্যাপারে কর্তৃপক্ষ পদক্ষেপ নেননি মর্মে নিশ্চিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, কোষাধ্যক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করা হয়েছে গত বুধবার।
আদালত অবমাননাকর মামলার ৩ দিন পরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলো ঢাবি কর্তৃপক্ষ।
১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ছাত্র সংঠনের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় এ নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে নির্বাচন আর হয়নি।








