যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নব্বইতম অস্কারের পুরস্কার বিতরণ। তারার মেলায় এ অনুষ্ঠান নিয়ে আগ্রহ ছিল বিশ্বজুড়ে কোটি ভক্তের। তবে, ২০১৭ এর চেয়ে প্রায় ১৯ শতাংশ কম দর্শক অস্কার দেখেছেন। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এবছর মাত্র সাড়ে ছাব্বিশ মিলিয়ন দর্শক অস্কারের অনুষ্ঠান দেখেছেন। এখন পর্যন্ত এটি হিসেব অনুযায়ী সবচেয়ে কম দর্শক সংখ্যা। এর আগে ২০০৮ সালে দ্বিতীয় সর্বনিম্ন দর্শক সংখ্যাও এবারের চেয়ে ৫ মিলিয়ন বেশি ছিল। হলিউডের অভিনেতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ মার্চ) রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে এই বিষয়ে একটি বার্তা পোস্ট করেন।
ট্রাম্প লেখেন, ‘ইতিহাসের সবচেয়ে কম দেখা অস্কার! সমস্যা হল আমাদের মাঝে আর কোন তারকা নেই। শুধু আপনাদের প্রেসিডেন্ট ছাড়া। (মজা করছিলাম)’
মজার ছলে লিখলেও ট্রাম্পের মন্তব্য ভালোভাবে দেখছে না টুইটার ব্যবহারকারীরা। তবে, সবাই স্বীকার করতে বাধ্য, অস্কারসহ এ বছরের সব অনুষ্ঠানই আগের চেয়ে একটু যেন পানসে। ২০০৭ এর পর এ বছরের অস্কারের সময়সীমাও সবচেয়ে দীর্ঘ। সবকিছুই মিলিয়ে এবার অস্কার নিয়ে দর্শকদের আগ্রহ একটু হলেও কম ছিল।








