নামের পাশে যোগ হয়েছে ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সর্বশেষটি টানা তৃতীয় মৌসুমে। আর কোনো ক্লাবের নেই এমন কীর্তি। মজার বিষয় হচ্ছে, এত শিরোপা রাখার জায়গা নেই রিয়াল মাদ্রিদের জাদুঘরেও!
ইউরোপের ক্লাব ফুটবল ইতিহাসে নিজেদের উচ্চতা আরও একবার ছাড়িয়ে যাওয়ার পথে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে ১৩তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তোলে রিয়াল। যায় আনন্দে উদ্বেল স্পেনের রাজধানী মাদ্রিদ। রেইনা সোফিয়া ও প্রাদো জাদুঘরের পর মাদ্রিদের তৃতীয় বড় জাদুঘরেও সমাগম বেড়েছে বেশ। এতেই হয়েছে সমস্যা!
২০১৩/১৪ মৌসুমে লিসবনে রিয়াল তাদের ১০ম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার পর জাদুঘরের শোকেসে আর জায়গা বাড়ানো হয়নি। তখন কেইবা ভাবতে পেরেছিল চার বছরের মধ্যে আরও তিনটি একই টুর্নামেন্টের শিরোপা উঠবে লস ব্লাঙ্কোসদের ট্রফি কেসে।
মিলানে ১১তম ট্রফি জয়ের পরও কিছু জায়গা ছিল রিয়াল শোকেসে। কিন্তু ১২তম ট্রফি ঢোকার পর ১৩ নম্বর ট্রফি রাখার জন্য আর জায়গা পাচ্ছে না জাদুঘর কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে নতুন আরেকটি ট্রফি শোকেস বানানোর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ট্রফি রাখা যাবে আরও বারোটি।
মাত্র আড়াই বছরে রিয়ালকে তিনবার ইউরোপসেরা করেছেন জিদান। যে গতিতে এগোচ্ছেন, জাদুঘর কর্তৃপক্ষের আশা নতুন শোকেস ভরতেও বেশি সময় নেবেন না ফরাসি কিংবদন্তি।








