চলতি বছরের টেস্ট সিরিজের পরিবর্তে ২০১৯ সালের শেষ নাগাদ বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে দুইপক্ষ টি-টুয়েন্টি সিরিজ খেলাকে ভালো মনে করেছে।
আইসিসির নির্ধারিত এফটিপি অনুযায়ী দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার জন্য আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশকে নিজ দেশে আমন্ত্রণ জানানোর কথা ছিল সিএর।
টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যায় বাংলাদেশ। সেটাই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শেষ টেস্ট খেলাও। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ। সেবার টেস্টের বদলে বাংলাদেশ খেলেছিল একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবসময় টালবাহানা করে অস্ট্রেলিয়া। আর্থিকভাবে লাভ হয় না দাবি করে নির্ধারিত সূচি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে দেশটি।
এর আগে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসার সময় নিরাপত্তা অজুহাত দেখিয়ে গড়িমসি করেছিল অজিরা। পরে কয়েকদফা সফর পিছিয়ে প্রায় দুই বছর পর খেলতে আসে। দুই টেস্টের সেই সিরিজে ১-১এ ড্র করে টাইগাররা।







