বার্সেলোনার সঙ্গে পুরনো চুক্তিটা আবারো নবায়ন করে নিয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত বার্সাতেই থাকছেন এই জার্মান গোলরক্ষক।
নতুন চুক্তির পাশাপাশি টের স্টেগেনের জন্য নতুন বাইআউট ক্লজও নির্ধারণ করে দিয়েছে বার্সা। এই জার্মান গোলরক্ষককে পেতে হলে কমপক্ষে ১৮০ মিলিয়ন ইউরো গুনতে হবে যেকোনো দলকে। আর নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ৩০ জুনে।
তিন মৌসুম আগে বার্সেলোনায় যোগ দিয়েই ট্রেবলের স্বাদ পেয়েছেন টের স্টেগেন। যদিও, প্রথম মৌসুমে কেবল মাত্র লিগের বাইরের ম্যাচগুলোতে দলের গোলবার সামলেছেন তিনি। বার্সার আরেক গোলরক্ষক ক্লদিও ব্রাভো ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ায় বার্সা কোচ লুইস এনরিকের প্রথম পছন্দ ছিলেন এই জার্মান।






