ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া। মঙ্গলবার মিরপুরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৫৮ রানে হারায় অ্যালিসা হিলির দল। ১৬২ রানের লক্ষ্যে বাংলাদেশ টেনেটুনে একশ পার করে। বৃহস্পতিবার তৃতীয় টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে অজি মেয়েদের সফর।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্বাগতিক দল। সর্বোচ্চ ২৭ রান করেন টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার। ২৫ বলে ৫টি চারে সাজান ইনিংসে। ওপেনিংয়ে ভালো সূচনা এনে দিয়েছিলেন তিনি।
ফাহিমা খাতুন ১৮ বলে ১৫, স্বর্ণা আক্তার ১৭ বলে ২১ রান করেন। শেষদিকে রাবেয়া খান ১৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান। বাকি কেউ ছুঁতে পারেননি দু-অঙ্ক।
অজি বোলার অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনাক্স তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন মেগান স্কাট।
শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওরিহ্যামের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই দেড়শ পার করে সফরকারী দল। শেষ তিন বলে উইকেট তুলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয়বার হ্যাটট্রিক পেয়েছেন টাইগ্রেস পেসার ফারিহা ইসলাম।







