ষষ্ঠ টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ভারতের ধর্মশালা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ডাচদের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে প্রস্তত মাশরাফি বাহিনী। তবে এম্যাচেও খেলার সম্ভাবনা কম ইনজুরিতে পড়া মোস্তাফিজুর রহমানের।
সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তান, শ্রীলংকার মত দলকে বধ করে টি-টুয়েন্টিতেও সফলতার দৃষ্টান্ত রাখছে টাইগাররা।
টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হারলেও ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠা এই ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের ব্যাপারে প্রত্যয়ী লাল-সবুজ জার্সিধারীরা। ২০ ওভারের বিশ্ব আসরের শুরুটা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাশরাফি জানান, প্রতিপক্ষ কোন দল, তা নিয়ে না ভেবে মাঠে নিজেদের স্বাভাবিক খেলা প্রদর্শনের চিন্তায় বিভোর পুরো দল।
ইউরোপিয়ান প্রতিনিধি নেদারল্যান্ডসের প্রধান লক্ষ্য ভাল ক্রিকেট খেলা। শক্তির বিচারে বাংলাদেশের তুলনায় বেশ পিছিয়ে থাকলেও নিজেদের প্রথম ম্যাচে চমক দেখানোর ছক আঁকছেন ডাচরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ের আগেই হেরে যেতে নারাজ ডাচ দলপতি পিটার বোরেন।
টি-টুয়েন্টিতে দুই দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে দুই দলই একবার করে জয় দেখা পেয়েছে।






