প্রথম ম্যাচে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ। পরের ম্যাচে প্রতিপক্ষ আরেক কঠিন দল চাইনিজ তাইপে। সেই ম্যাচেই নিজেদের প্রত্যাবর্তনের গল্পটা লিখতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে যেতে জয়ের কোনো বিকল্প দেখছেন না লাল-সবুজ নারীদের কোচ গোলাম রব্বানী ছোটন।
এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাজিকিস্তানের দুশানবেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
কোরিয়ান মেয়েদের কাছে ৭ গোল হজমের দুঃস্বপ্ন ভুলতে বৃহস্পতিবার সকাল থেকেই জিম আর মাঠে ঘাম ঝরিয়েছেন ছোটনের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে ৭ গোলে উড়িয়ে দেয়া চাইনিজ তাইপের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি লাল-সবুজ কোচের।
‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে। আমাদের মেয়েরা ভালো একটি রিকভারী সেশন করেছে। আগামীকাল (শুক্রবার) আমরা জয়ের জন্য এবং নিজেদের সেরাটা দিয়েই খেলবো।’
তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এক ম্যাচের প্রত্যাশা চাইনিজ তাইপে কোচেরও, ‘মেয়েদের ফুটবলে বাংলাদেশ বেশ উন্নতি করেছে। ম্যাচে তীব্র এক লড়াই হবে। যেকোনো কিছুই ঘটতে পারে’।







