বার্সেলোনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের তিন দিনের মধ্যেই টিকিট বিতর্কে জড়িয়ে গেল এ এস রোমার নাম। ইংল্যান্ডের ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করেছে, আনুষ্ঠানিক ড্রয়ের ২৪ ঘণ্টা আগেই সদস্যদের জন্য লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচের টিকিট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা শুরু করেছিল রোমা।
যদিও কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেয়া হয়। কিন্তু তার আগেই ‘দ্য সান’ সেই টিকিটের ছবি প্রকাশ করে প্রশ্ন তুলেছে, রোমা কী ভাবে জানল লিভারপুলের বিরুদ্ধেই খেলতে হবে? এবং দ্বিতীয় লেগের ম্যাচ তারা খেলবে ঘরের মাঠে?
টিকিট বিতর্কের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। সোশ্যাল মিডিয়ায় এক জন লিখেছেন, ‘এ রকম অবিশ্বাস্য ঘটনা কখনো দেখেনি। ড্রয়ের এক দিন আগেই তা হলে রোমা জানত যে লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবে। আশা করি, সেমিফাইনাল ম্যাচটায় অন্তত গড়াপেটা হবে না।’
কেউ কেউ সরাসরি তোপ দেখেছেন উয়েফার বিরুদ্ধে। তাদের দাবি, ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থাও জড়িত টিকিট কেলেঙ্কারির সঙ্গে।
রোমা কর্তারা অবশ্য সব অভিযোগকেই ভিত্তিহীন বলেছেন। ড্রয়ের মাধ্যমে ঠিক হওয়ার কথা সেমিফাইনালে কে কাকে খেলবে, কোথায় খেলবে। সেটা আগে থেকে কী করে ফাঁস হল, তা নিয়েই উঠেছে বিতর্কের ঝড়।








