সিলেট থেকে: গ্যালারি যে ভরপুর থাকবে সেটা আগেই আন্দাজ করা যাচ্ছিল। ২৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সিলেট জেলা স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না বাংলাদেশ-ফিলিপিন্স ম্যাচে। আয়োজকদের জন্য তা যদি সুসংবাদ হয়, তবে দুঃসংবাদটা ছিল টিকিট থাকা সত্ত্বেও ১৫ হাজার দর্শকের মাঠে ঢুকতে না পারা!
শুক্রবার সন্ধ্যায় টিকিট কেটেও মাঠে বসে খেলা দেখতে পারেননি বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী। নিরাপত্তা কর্মকর্তাদের হিসেবে সংখ্যাটা ১৫ হাজারেরও বেশি! স্টেডিয়ামের বাইরে একটা সময় ক্ষুব্ধ হয়ে হইচইও করতে দেখা যায় তাদের।
টিকিট থাকার পরও কেনো মাঠে ঢুকতে পারেননি দর্শকরা? জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহিউদ্দিন আহমেদ সেলিম মাঠে মাইকিং করেই ব্যাখ্যা করেছেন কারণ। দর্শকদের দুর্ভোগের জন্য চেয়েছেন ক্ষমাও।
‘কিছু কিছু স্কুলে সৌজন্য টিকিট দেয়ায় এমন সমস্যা হয়েছে। যে কারণে টিকিট নিয়েও মাঠে ঢুকতে পারেননি অনেকে।’ মহিউদ্দিন আহমেদ সেলিমের ব্যাখ্যাটা এমনই।
যারা ৫০ টাকা মূল্যের টিকিট কিনেছেন, প্রয়োজনে তাদের দ্বিগুণ অর্থ ফেরত দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন সেলিম।








