টানা চার জয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সাউথ আমেরিকা অঞ্চলে শীর্ষস্থানে উঠে
গেছে ব্রাজিল। বুধবার ভেনেজুয়েলাকে তাদেরই ঘরের মাঠে ২-০ হারিয়েছে
নেইমারহীন ব্রাজিল। দলের হয়ে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসাস ও উইলিয়ান। শেষ তিন ম্যাচে প্রতিপক্ষে জালে ১৫ গোল দিল সেলেকাওরা।
আগের ম্যাচে আঘাত পাওয়ায় এই ম্যাচে দলে ছিলেন না নেইমার। দলের প্রাণভোমরার অনুপস্থিতিতে ব্রাজিলও যেন নিজেদের সেভাবে খুঁজে পাচ্ছিলো না। তবে ম্যাচের শুরুতেই খেলার আসল মাসুল গোল পেয়ে যায় ব্রাজিল। বলা চলে গোলটি উপহার দিয়েছে ভেনেজুয়েলা। ৮ মিনিটে ভেনেজুয়েলার গোলকিপার হার্নান্দেজ নিজের খেলোয়াড়কে বল দিতে গিয়ে বল তুলে দেন ব্রাজিল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসাসের পায়ে। সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সেলেকাও তারকা।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া ভেনেজুয়েলা বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে আবার পিছিয়ে পড়ে তারা। ৫৩ মিনিটে অাগুস্তো রেনাটোর ক্রস থেকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন উইলিয়ান।
খেলার ৭৩ মিনিটে মাঠে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। আলো বিভ্রাটে খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে। এরপর আবার যখন শুরু হয় তখনও গোল শোধের সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু শেষ কাজটা ঠিকঠাক করতে না পারায় গোলের স্বাদ আর পাওয়া হয়নি তাদের। যার ফলে জিততে কষ্ট হয়নি ব্রাজিলেরও।
এই ম্যাচ নিয়ে বিশ্বকাপ বাছাইতে টানা ১০ ম্যাচ জয়শূন্য থাকলো ভেনেজুয়েলা। এর মধ্যে ৩টি ড্রয়ের বিপরীতে হার ৭টিতে। তারা সর্বশেষ ৩-২ গোলে জিতেছিল পেরুর বিপক্ষে ২০১৩ সালে।
দিনের অন্য ম্যাচে চিলি ২-১ গোলে হারায় পেরুকে। আর প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এছাড়া কলম্বিয়া-উরুগুয়ে এবং বলিভিয়া-ইকুয়েডরের ম্যাচ ২-২ গোলে ড্র হয়।
এই জয়ে সাউথ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল ব্রাজিল। ১০ খেলায় ২১ পয়েন্ট ব্রাজিলের। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। আর সমান ১৭ পয়েন্ট নিয়ে তিন ও চারে ইকুয়েডর ও কলম্বিয়া। ১৬ পয়েন্ট পাঁচ নম্বরে রয়েছে আর্জেন্টিনা।







