টাঙ্গাইলের মধুপুরে পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রুপালী ফিলিং স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২), তার মেয়ে সোহাগী আক্তার (৩) এবং শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল বলেন, মধুপুরগামী পিকআপ ভ্যানের সাথে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মা’সহ তিনজন নিহত হয়।
দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।







