টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল কেকে উচ্চ বিদ্যালয়ের সামনে সবুর (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিহতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত সবুর বাঘিল গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, রাতে সবুর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বাঘিল কেকে উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সবুরকে হত্যা করে পালিয়ে যায়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ভূইঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।








