টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিন দিন বাড়ছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা। বিদেশ থেকে ২৬০ প্রবাসী দেশে আসায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
তবে প্রবাসীরা বাড়িতে আসার পর কোয়ারেন্টাইন না মেনে হাট-বাজার ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ কারণে নিষেধাজ্ঞা অমান্যকারী প্রবাসীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ তার পরিবারদের সর্তক করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত টাঙ্গাইলে ২৬০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে নির্দিষ্ট সময় শেষ হওয়ায় ২৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান: শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ২৮৫ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ২৫ জনকে হোম করেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত।
অন্যদিকে পুলিশের তথ্যমতে, চলতি মাসের ৩ তারিখ থেকে গতকাল ১৯ তারিখ পর্যন্ত ৫২৪৭ ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাঙ্গাইলে এসেছেন। যার অধিকাংশ ব্যক্তিকে এখনো হোম কোয়ারেন্টিনের আনা যায়নি।








