টাঙ্গাইলের বাসাইল ও কালিহাতীতে পানিতে ডুবে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাসাইলে এক শিশু এবং বিকালে কালিহাতি উপজেলার এলেঙ্গায় পানিতে ডুবে আরো দুই শিশু মৃত্যু হয়।
নিহতরা হলেন, বাসাইল উপজেলার শাহ আলমের মেয়ে সানজিদা (২), কালিহাতীর এলেঙ্গার জহুরুল মন্ডলের কন্যা রুমানা (১২) ও রুমনার খালাতো বোন প্রেরনা (৬)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এলেঙ্গা কলেজের পাশে একটি পুকুরে দুপুর ২টার দিকে গোসল করতে যায় খালাতো বোন রুমানা ও প্রেরনা। এসময় তারা পানিতে ডুবে যায়। এর প্রায় এক ঘণ্টা পর তাদের লাশ ভেসে উঠে।
বাড়ির লোকজন স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেলা ১১ টার দিকে বাসাইল থানার পুকুরে ডুবে সানজিদা মারা যায়। তার বাবা শাহাআলম জানান, তার স্ত্রী সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের মেসে রান্নার কাজ করছিলেন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে।
তাৎক্ষণিক বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।







