পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ইতিহাস সৃষ্টির দিনে জয়োৎসবে মেতেছে সারা দেশ। বিশ্বকাপে বদলে যাওয়া বাংলাদেশ যে এবার ছেড়ে কথা বলবে না তার ইঙ্গিত ছিল আগেই। তবে জয় এতটা সহজ হবে হয়ত ভাবতে পারেনি কেউ।
তাইতো টাইগার ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাসটা একটু বেশিই। প্রথম ম্যাচে ৭৯ রানের বিশাল জয়ের পর আজও ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় মাশরাফি-মুশফিকরা।
জয়ের প্রত্যাশায় ঢাকা সহ সারাদেশে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে ক্রিকেট প্রেমীরা। পাকিস্তানের প্রতিটি উইকেট পতনের সঙ্গে সঙ্গে কেঁপে উঠেছিলো চারপাশ। ঠিক তেমনই তামিম মুশফিকের প্রতিটি চার-ছয়ে উল্লাসে মেতেছে উঠেছিল ক্রিকেট পাগল বাঙ্গালি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে দেখা যায়, পাকিস্তান বধের পরই রাস্তায় নেমে আসে টাইগার ক্রিকেট ভক্তরা। আনন্দ উৎসবের পাশাপাশি বিভিন্ন বাদ্য যন্ত্র বাজাতেও দেখা যায় তাদের। টিএসসিসহ সারা দেশে চলছে আনন্দ উৎসবের মিছিল।







