লাক্কাতুরায় ক্রিকেট উৎসবে সিলেটী গর্জন টস হেরেও উবে যায়নি। রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করে দাপুটে উদ্বোধনী জুটিতে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান সংগ্রহ করেছে তারা। এই আসরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রান।
বিপিএলের পঞ্চম আসরে টস হেরে যারা ব্যাট করতে নামছে তারাই ভুগছে। একমাত্র ঢাকা বাদে সবাইকে হারতে হয়েছে। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে ঢাকা আগে ব্যাট করে ২০২ রান সংগ্রহ করেছিল। স্বাগতিক সিলেটও প্রমাণ করল টস ভাগ্য পক্ষে না আসলেও ঘরের মাঠে তাদের হারানো সহজ নয়।
আগে বিপিএলে দুইশর উপর আরও আটটি সংগ্রহ দেখা গেছে। যার সর্বোচ্চটি ঢাকারই, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
প্রথম চার ম্যাচে রান উৎসব বলতে যা বোঝায় সিলেটে তার দেখা ছিল না। সময় যত গড়াচ্ছে, ততই রানের দেখা মিলছে।
উপুল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচার এদিন ১০১ রানের জুটি গড়েন। ১১তম ওভারে ফ্লেচারকে ফেরাতে সক্ষম হয় রাজশাহী। তাও রানআউটে। মিরাজের ‘থ্র’ থেকে ব্রেকথ্রু আনেন মুশফিক। ৩০ বলে পাঁচ চার তিন ছক্কায় ৪৮ রান করে যান ফ্লেচার। ৩৭ বলে ৫০ করে তবেই বিদায় নেন থারাঙ্গা। অর্ধশতকের ইনিংসে পাঁচটি চার একটি ছয় ছিল তার।
সিলেটের উদ্বোধনী জুটি ভাঙার পর রানের গতি কিছুটা কমে যায়। সাব্বির এবং গুনাথিলাকা সিঙ্গেল নিয়ে নিয়ে রানের চাকা সচল রাখেন। সাব্বির ১৪ বলে ১৬ করে ফিরলেও গুনাথিলাকা রান বাড়িয়ে নেন। ২২ বলে ৪২ করে যান তিনি। এরপর শুরু করেন হুইটলি। ১২ বলে ২৫ রানে অপরাজিত থেকে দলের স্কোর ২০০ পার করেন।








