সিরিজ নির্ধারণী শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতে স্বস্তির জয় পেলেও
দ্বিতীয়টিতে হেরে লজ্জার শঙ্কাটাও চোখ রাঙ্গাচ্ছে। তবে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে আজই শততম ম্যাচ জয়ের উৎসব করতে চায় মাশরাফিরা।
এরইমধ্যে মাত্র ১১ রান করে ফিরে গেছেন সৌম্য সরকার। মিরওয়াইস আশরাফের বলে উইকেট কিপার মোহাম্মদ শেহজাদের হাতে ধরা পরেন তিনি। দলীয় ২৩ রানে প্রথম উইকেটের পতন হয়।
টাইগারদের একাদশে দুইটি পরিবর্তন এসেছে। তাইজুল ইসলামের পরিবর্তে মোশাররফ হোসেন এবং রুবেল হোসেনের পরিবর্তে শফিউল ইসলাম দলে জায়গা পেয়েছেন।
আইসিসি র্যাংকিং-এর দশ নম্বর দল আফগানিস্তানের সাথে নতুন পরাশক্তিদের ‘অলিখিত-ফাইনালে’ জিততে মরিয়া উভয়পক্ষই। ব্যাটসম্যানরা ছন্দে ফিরলেই সিরিজ জয় সম্ভব বলে জানিয়েছেন টাইগার-অধিনায়ক মাশরাফি। জয়ের সর্বাত্মক চেষ্টার কথা জানিয়ে ভুলগুলো শুধরে উপভোগ্য ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছে আফগানরা।
আন্ডারডগ আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারলে ওয়ানডে র্যাংকিং’এ টাইগারদের এক ধাপ অবনমন নিশ্চিত। ২০১৪’র নভেম্বরে জিম্বাবুয়ের সাথে সিরিজ নিয়ে দেশের মাটিতে টানা পাঁচটি সিরিজ জিতে র্যাংকিং-এর ৭ নম্বরে মাশরাফি’র ‘টিম-টাইগার্স’।
২০১৫’র জুলাইয়ে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ ছাড়া লাল-সবুজকে কাছাকাছি সময়ে দেশের মাটিতে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হয়নি। সেই সিরিজের মতো এবারো শেষ ম্যাচেই ভাগ্য নির্ধারণ।
গত অক্টোবর ও ডিসেম্বরে পরপর দুই ওয়ানডে সিরিজে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারায় আফগানিস্তান।








