জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত উইকেট পতনকে জয়ে পরিণত করেছেন সাকিব-সোহান জুটি। ৮ বল বাকী থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
বড় লক্ষ্যের সামনে দাড়িয়ে দলীয় ৫৮ রানেই টাইগারদের ঝড়ো দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং সৌম্য সরকারের বিদায়ে যে শঙ্কার ছায়া নেমেছিলো থুলনায় সাব্বির-মুশফিক-সাকিবের নৈপুণ্যে তা নিমিষেই দূর হয়ে গেলো।
এই জয়ের ফলে ৪ ম্যাচের টি-২০ সিরিজে ১-০তে এগিয়ে গেলো বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি খেলেন সাব্বির রহমান। এছাড়াও তামিম ২৯, মুশফিক ২৬ এবং সাকিব ২০ রান করেন।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্ট্যাডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ৫৩ বলে ৭৯ এবং ভুসি সিবান্দার ৩৯ বলে ৪৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে সফরকারীরা।
বাংলাদেশ জিতলেও টাইগার শিবিরে আতঙ্ক ছড়ানো ব্যাটিং করার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন হ্যামিলটন মাসাকাদজা।
এই ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে টাইগার টিমে অভিষেক হয় নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের।







