সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে ছেলেদের বয়সভিত্তিক অনুর্ধ-১৪ দল বিভাগের খেলায় দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা দল। সিকিমের নামচি স্পোর্টস হোস্টেল দলকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে তারা।
বুধবার ভারতের আম্বেদকার স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে শক্তিশালী স্পোর্টেস হোস্টেল দলকে হারিয়ে শিরোপা জয়ে নিজেদের অবস্থানকে আরও উজ্জ্বল করেছে ঢাকার দলটি।
ম্যাচের প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানেই করা দুটি গোলে স্পোর্টস হোস্টের দলকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা দল। ম্যাচের ১৬ তম মিনিটে মোহাম্মদ রাকিবের গোলে এগিয়ে যায় অতিথিরা। এরপর ১৯ মিনিটে মোহাম্মদ রাজার গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
অবশ্য প্রথমার্ধের ২৪ মিনিটে ব্রিজেসের একমাত্র গোলে ব্যবধান কমায় স্পোর্টস হোস্টেল দল।
বিখ্যাত ফুটবল খেলোয়াড় বাইচুং এর নামচি স্পোর্টস হোস্টেল দলের দক্ষতা আর পারদর্শিতার কথা বিবেচনা করলে বাংলাদেশের অনুর্ধ্ব ১৪দের এই দল দেশের বাইরে সত্যিই চমৎকার সূচনা করেছে।
এ টুর্নামেন্টে দুটি বিদেশি দল অংশ নিয়েছে। দিনের অপর খেলায় দ্বিতীয় বিদেশী দল আফগানিস্তান মেঘালয়কে হারায় ১-০ গোলে।







