জয়পুরহাটের কালাইয়ে দুই বোন অপহরণের ১০ দিনের মাথায় তাদের উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, জেলার কালাই উপজেলার ভেরেন্ডি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কাজল মিয়া (২২) ও একই উপজেলার পার্বতীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজু (২৫)।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে অপরহণের শিকার হন। ওই ঘটনায় করা মামলায় আসামি করা হয়; উপজেলার ভেরেন্ডি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কাজল মিয়া (২২), একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৫৫), পার্বতীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজু (২৫) ও আপেল (২৩), দুলাল মিয়ার স্ত্রী নাদিরা বিবি (৪৫) এবং একই গ্রামের সালাম শেখের ছেলে মীর শহিদকে (২৬)।
মামলার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সাদুরিয়া এলাকা থেকে অপহৃত দুই বোনকে উদ্ধার করে।
কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই যদি পুলিশকে অবগত করা হতো, তাহলে আরও আগেই তাদেরকে উদ্ধারসহ সকল আসামীদের গ্রেফতার করা সহজ হতো।







