নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি পুঁজি পেয়েছে বাংলাদেশ। শারজায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে টিম টাইগ্রেস। বাংলাদেশ অধিনায়ক ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।
এ ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক পূর্ণ করেন জ্যোতি। কীর্তিতে নাম লেখাতে জ্যোতির লেগেছে ১০২ ম্যাচ। রেকর্ডে নাম লেখাতে ২৩ রান দূরে ছিলেন কিপার-ব্যাটার।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে সেমির আশা বেঁচে থাকবে বাংলাদেশের। নইলে এক ম্যাচ আগেই ছিটকে পড়তে হবে লড়াই থেকে।
ওপেনার দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করেন দুটি চারের সাহাজ্যে। ২২ বলে ১৬ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। রিতু মনি করেন ১৩ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
উইন্ডিজ অফস্পিনার কারিশমা একাই নেন চার উইকেট। ৪ ওভারে খরচ করেন ১৭ রান। অ্যাফি ফ্লেচার নেন দুটি উইকেট।








