দিবালা-পিয়ানিচ-মানজুকিচরা আগে থেকেই ছিলেন। তাদের সঙ্গে জুলাইতে যোগ হন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালিয়ান মিডিয়া জানাচ্ছে, জুভেন্টাসের আকাশে এবার নতুন তারা হিসেবে যুক্ত হতে যাচ্ছেন কাইলিয়ান এমবাপে।
মোনাকোতে থাকতে এমবাপের জন্য ছুটেছে অনেক বড় বড় ক্লাব। যাদের মধ্যে প্রথমদিকে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের হতাশ করে স্বদেশি ক্লাব পিএসজিতে নাম লেখান ফরাসি সুপারস্টার। প্যারিসে থিতু হলেও এমাবাপেকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দল। যাদের মধ্যে উঠে এল জুভেন্টাসের নামও।
ইতালিয়ান পত্রিকা তুত্তোস্পোর্টস জানাচ্ছে, রোনালদোর পর আগামী গ্রীষ্মে আরও একজন তারকাকে দলে নিতে চায় জুভেন্টাস। যদিও তিনি অনেক তরুণ। নাম কাইলিয়ান এমবাপে।
পত্রিকাটি লিখেছে, সাবেক জেনারেল ম্যানেজার জিউসেপ মোরাতা পদত্যাগ করার পর নতুন যুগে যাত্রা শুরু করতে চায় জুভেন্টাস। সেই পথ ধরে তারা পিএসজি স্ট্রাইকার এমবাপের জন্য একটি উচ্চাভিলাষী পরিকল্পনা তৈরি করছে।
শুধু এমবাপে নয়, ইউরোপে ছড়ি ঘোরাতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্লাবের সাবেক তারকা পল পগবাকেও ফিরিয়ে আনতে চায় জুভেন্টাস।







