বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এফসি পোর্তোর মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরেছে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। তুরিনের দলটি পারলেও হেরে গেছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। স্প্যানিশ দল সেভিয়ার মাঠে লেস্টারের হারটি ২-১ গোলের।
১৯৯৩ সালের পর এই প্রথম কোন ইতালীয় দলের বিপক্ষে হারের স্বাদ পেলো পোর্তো। খেলার প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পরে পর্তুগিজ চ্যাম্পিয়নরা। ২৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর অ্যালেক্স তেল্লেস। তারপরও অনেকটা সময় বুক চিতিয়ে লড়েছে দলটি। জুভেন্টাসের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন স্বাগতিক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
ম্যাচের ৭২ মিনিটে পোর্তোর জমাট রক্ষণে ফাটল ধরান অতিথিদের বদলি খেলোয়াড় মার্কো পিজাকা। ক্রোয়েশিয়ান এই উইঙ্গারের দারুণ এক গোলে এগিয়ে যায় অ্যালেগ্রির দল। এর দুই মিনিট পর অতিথিদের ব্যবধান বাড়ান দানি আলভেজ।
রাতের আরেক ম্যাচে স্প্যানিশ দল সেভিয়ার কাছে হেরেছে ইংলিশ লিগে ধুঁকতে থাকা লেস্টার। পাবলো সারাবিয়া এবং জোয়াকিন কোরেয়ার গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা। পরে অতিথিদের হয়ে জেমি ভার্ডি একটি গোল ফিরিয়ে দিয়েছেন। সেটি হার এড়াতে যথেষ্ট ছিল না।
এই হারের পরও পরের লেগে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ রয়েছে রানিয়েরির শিষ্যদের। দামি একটি অ্যাওয়ে গোল নিয়ে ফিরেছে লেস্টার। পরের পর্বে নিজেদের মাঠে সেভিয়াকে কফিন পরীক্ষায় ফেলতে হবে তাদের। নয়তো লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরের মৌসুমেই একেবারে বিবর্ণ এক যাত্রার স্মৃতি সঙ্গী হবে দলটির।








