ক্রিস্টিয়ানো রোনালদো এরই মধ্যে জুভেন্টাসে ‘সই করে ফেলেছেন’ বলে দাবি করেছেন ইতালিয়ান ক্লাবটির সাবেক প্রধান নির্বাহী লুসিয়ানো মোগি। জুভেন্টাসের দায়িত্বে থাকা অবস্থায় টিনেজার রোনালদোকে ক্লাবে আনার চেষ্টা করেছিলেন বলেও দাবি তার।
রিয়ালের হয়ে নয় মৌসুম খেলা রোনালদো এখন ক্লাবটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার। তার ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্য আচমকা খবর বের হয়, রোনালদোর ক্লাব ছাড়া সহজ করতে তার ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১২০ মিলিয়ন ইউরো করেছে রিয়াল। তার পরই পর্তুগিজ তারকাকে পেতে উঠেপড়ে লাগে তুরিনের বুড়িরা।
খবর অনুযায়ী রোনালদোর জন্য জুভেন্টাসকে দিতে হবে ১০০ মিলিয়ন ইউরো বা ১১৬ মিলিয়ন ইউএস ডলার। চুক্তি ২০২২ সাল পর্যন্ত। আর রোনালদোর বার্ষিক বেতন হবে ৩০ মিলিয়ন ইউরো!
১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত জুভেন্টাসের বোর্ড সভাপতি ছিলেন মোগি। ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ মোগি ইতালিয়ান ফুটবল কেলেঙ্কারির অন্যতম প্রধান চরিত্রও। তিনি বলছেন, রোনালদো-জুভেন্টাস চুক্তিতো হয়েছেই, সেই সঙ্গে তার মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে।
৮০ বছরের মোগি ইতালিয়ান টেলিভিশন চ্যানেল ‘টেলি৭গোল্ড’কে বলেন, ‘আমার মতে, সে (রোনালদো) এরই মধ্যে সই করে ফেলেছে এবং মিউনিখে তার মেডিকেল পরীক্ষাও হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলার পরই আমি একথা বলছি।’
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার আরেক খবরে দাবি করা হচ্ছে, রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে ইতালির তুরিনে বাড়িও খোঁজা শুরু করে দিয়েছেন!









