জার্মানিতে অব্যাহত বিক্ষোভের মধ্যেই জি-২০ সম্মেলনের শেষ দিনে আলোচনায় বসেছিলেন বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। ওই আলোচনায় ১৯ দেশের নেতারা প্যারিস জলবায়ু চুক্তি নবায়নে রাজি হলেও তাতে সায় দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।
অবশ্য যুক্তরাষ্ট্র এ চুক্তি নবায়নে রাজি না হলেও জি-২০ জোটের নেতারা প্যারিস জলবায়ু চুক্তিকে অপরিবর্তনীয় বলে উল্লেখ করেছেন। তবে এই ইস্যুতে একমত না হলেও সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই, মধ্যপ্রাচ্যসহ নানা বিষয়ে একমত হয়েছেন বিশ্ব নেতারা। এছাড়া মুক্ত বাণিজ্যনীতিতে অংশগ্রহণকারী সব দেশ একমত হয়েছে বলেও জানানো হয়।
এসময় ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
জি-২০’র প্রথম দিনে সম্মেলনের চেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে সম্মেলনের বাইরে চলা বিক্ষোভ। সম্মেলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক পুলিশ সদস্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও ১৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন রয়েছে।







