দীর্ঘসময় অপেক্ষার পর লিস্ট ‘এ’ ক্রিকেটে জিয়াউর রহমান পেলেন দ্বিতীয় সেঞ্চুরির দেখা। মোহামেডানের বিপক্ষে ৮৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই ব্যাটসম্যান। শেষ অবধি বিফলেই গেল তার একার লড়াই। জিয়া সেঞ্চুরি পেলেও অন্যদের ব্যর্থতায় ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল।
বিকেএসপির চার নম্বর মাঠে সহজ লক্ষ্য টপকাতে বেগ পেতে হয়নি মোহামেডানের। ৩০.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সাদা-কালো শিবির।
আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শামসুর রহমান শুভ পেয়েছেন ফিফটির দেখা। এ ডানহাতি ওপেনার ৫৮ বলে ৫৯ রান করেন। ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মা ৩৮, সৈকত আলী ৩৭, রনি তালুকদার করেন ৩২ রান। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহামেডানের নিয়মিত অধিনায়ক রকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২১ রান।
শেখ জামালের বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা, তানবীর হায়দার ও মোহাম্মদ শাকিল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ ওভারে ১৯৭ রানে অলআউট হয় শেখ জামাল। জিয়ার সেঞ্চুরির সঙ্গে মাহমুদুল হক ২২, ইলিয়াস সানি ২১ করে ভূমিকা রাখেন। ঝোড়ো সেঞ্চুরি উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন পরাজিত দলের জিয়া।







