মোশাররফ হোসেন রুবেলের অলরাউন্ড নৈপুণ্যে চালকের আসনেই আছে ঢাকা। পরে জ্বলে ওঠেন খুলনার জিয়াউর রহমানও। তুলে নিয়েছেন শতক। এরপরও অবশ্য খুলনাকে ফলো অন থেকে বাঁচাতে পারেননি।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে দিনের শুরুতেই শতক তুলে নিয়েছেন মোশাররফ রুবেল। দ্বিতীয় দিন শেষে ৯৮ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ঢাকা বিভাগকে ৫১৯ রানের সংগ্রহ এনে দেওয়ার পথে মোশাররফের অবদান অপরাজিত ১২৫ রান।
বিশাল রানের পাহাড় বইতে না পেরে খুলনা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৪৭ রানে। ১০৪ রানের দারুণ একটি ইনিংস খেলেও দলের ফলো অন ঠেকাতে পারেননি অলরাউন্ডার জিয়াউর রহমান। দিনশেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছে দলটি।
খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টি বাঁধায় তৃতীয় দিনে বেশিদূর গড়াতে পারেনি ঢাকা মেট্রো বনাম রাজশাহীর ম্যাচ। আগের দিনের দুই উইকেটে ১০ রান নিয়ে শুরু করা ঢাকা মেট্রো দিন শেষ করেছে ৩ উইকেটে ১০৬ রান করে।
রাজশাহীতে বৃষ্টির কারণে রংপুর-বরিশাল ম্যাচ হয়েছে ১৬.২ ওভার। ১ উইকেট হারিয়ে ৬১ রান করেছে রংপুর। বগুড়ায় সিলেট-চট্টগ্রাম ম্যাচে তৃতীয় দিনেও গড়ায়নি একটি বল।







