জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণার পরই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। দেশের বাইরে থাকায় সাকিব ছাড়াও ক্যাম্পে ছিলেন না ছয় ক্রিকেটার। আর ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ বলেছেন, নিজেদের সেরাটা দিতে চান সবাই।
গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে ৫-০’তে সিরিজ জেতে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতেই সাকিবের সেঞ্চুরি ও চার উইকেট শিকার বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জোগায় মুশফিক বাহিনিকে। সৌম্য ও তাইজুলের মতো খেলোয়াড়দেরও অভিষেক হয় ওই সিরিজে।
এবার তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ২ নভেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে। শুরু হয়েছে তামিম, মুশফিকদের অনুশীলন। পারিবারিক কারণে দেশের বাইরে সাকিব। সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে সিরিজ খেলায় ক্যাম্পে নেই সৌম্য, সাব্বির ও রাব্বিরা।
তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এখন প্রস্তুত সেরাটা দেয়ার। তাসকিন বলেন, আন্তজার্তিক যেকোন সিরিজই অনেক বড় কিছু। সেটা জিম্বাবুয়ে হোক আর অস্ট্রেলিয়া হোক। আমার লক্ষ্য থাকবে এখন একটাই, যাতে সুযোগ পেলে আমি ভালো কিছু করতে পারি।
সম্প্রতি আফগানদের বিপক্ষে জিম্বাবুয়ে বাজে পারফর্ম করলেও তাদের হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ।
তাসকিন আহমেদ বলেন, জিম্বাবুয়ে অনেক ভালো টিম। ওদের ছোট করে দেখার কিছু নাই। ওদের সাথে জিততে হলে, ভালো খেলতে হলে সবার বেস্ট খেলাটাই খেলতে হবে।
নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া দল না আসায় কয়েক মাসের বিরতির পর জিম্বাবুয়ে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল।






