টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে জিম্বাবুয়ে। স্কটল্যান্ডকে ১১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় মাসাকাদজা-চিগুম্বররা। টস জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ২ বল বাকি থাকতে ১৩৬ রানেই শেষ হয় স্কটিশদের ইনিংস।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। দলীয় ৮ ও ১১ রানের প্রথম দুই ওপেনারকে হারানোর পর ৪২ রানে আউট হয় তাদের প্রথম পাঁচ উইকেট। স্কটিশদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
দলের বিপর্যয়ে বুক চিতিয়ে লড়েছেন রিচি বিরিংটন ও প্রিস্টন মমসেন। ২৭ বলে ৩১ রান করেন মমসেন। আর বিরিংটন করেন ৩৬ রান। তবে এ দুজনের ৫১ রানের লড়াকু জুটিতেও হার এড়াতে পারেনি স্কটিশরা।
জিম্বাবুয়ের হয়ে ওয়েলিংটন মাসাকাদজা ৪টি, তেন্দাই চাতার ও ডোনাল্ড ত্রিপানো ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন শন উইলিয়ামস ও টিনেসি পানিয়াঙ্গারা।
এরআগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১২ রানের আউট হন হ্যামিলটন মাসাকাদজা। দুই রানের ব্যবধানে সাজঘরে ফেরেন ভুসি সিবান্দা (৪)।দলীয় ৫১ রানের মাথায় আউট হন রিচমন্ড মুতুয়াম্বি (১৯)। আর ৬৭ রানের সময় সিকান্দার রাজা (৯) আউট হলে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
চাপে পড়া দলকে টেনে তোলেন শন উইলিয়ামস। ৩৬ বলে ৫৩ রান করে দলের ইনিংস একাই টেনেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ম্যালকম ওয়ালার করেন ১৩ রান। শেষ দিকে এলটন চিগুম্বরার ২০ রানের সুবাধে লড়াই করার পুঁজি পায় জিম্বাবুয়ে।
স্কটল্যান্ডের হয়ে আলসাদির ইভান্স ও মার্ক ওয়াট ও সাফিয়ান শরীফ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরেছে স্কটল্যান্ড।






