টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের গ্রুপ ‘বি’-এর ম্যাচে জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
নাগপুরে টসে জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৮৬ রান তোলে আফগানরা। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এটাই সর্বোচ্চ রান।
আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদের মারকুটে ব্যাটিং দলের বড় ইনিংস গড়তে সহায়তা করে।শাহজাদ ২৩ বলে সাতটি চার ও একটি ছয়ে করেন ৪০ রান।
শাহজাদের আউটের পর দ্রুত ৬৩ রানে চার উইকেটে হারায় আফগানরা। বিপর্যয়ের মুর্হুতে দলকে রক্ষা করে মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি।পঞ্চম উইকেট জুটিতে তারা ৬৪ বলে মূল্যবান ৯৮ রান যোগ করে।
মোহাম্মদ নবী রান আউট হওয়ার আগে ৩২ বলে চারটি চার ও দুটি ছয়ে ৫২ এবং সামিউল্লাহ শেনওয়ারি ৩৭ বলে চারটি চার ও একটি ছয় করেন ৪৩ রান।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে পানিঙ্গারা তিনটি উইকেট নেন।






