ফুটবল

জিদানের ‘নতুন’ রিয়ালের প্রথম সাইনিং ব্রাজিলের মিলিটাও

জিদানের ‘নতুন’ রিয়ালের প্রথম সাইনিং ব্রাজিলের মিলিটাও

দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ হয়ে নাকি একগাদা খেলোয়াড়ের ফর্দ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধরিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। রিয়াল সভাপতিও যে জিজুর মন রক্ষার্থে কাজ শুরু করে দিয়েছেন তার প্রমাণ এডের মিলিটাও। রীতিমত টাকা ছড়িয়ে পোর্তোর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কিনে রেখেছে লস ব্লাঙ্কোসরা!

মিলিটাওকে আটকে রাখতে ৫০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লজ দিয়ে রেখেছিল পোর্তো। সেই ৫০ মিলিয়ন ইউরো খরচ করেই এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাককে কিনেছে রিয়াল। চুক্তি হয়েছে ছয় বছরের জন্য। এখন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাবেন ২১ বছর বয়সী ডিফেন্ডার।

বেশ তাড়াহুড়ো করেই পোর্তোর হয়ে ৩৪ ম্যাচ খেলা মিলিটাওকে কিনতে হয়েছে রিয়ালকে। কারণ সামনের জুলাই মাসেই ৫০ মিলিয়ন বাইআউট ক্লজ বেড়ে দাঁড়াতো ৭৫ মিলিয়ন ইউরোতে।

মিলিটাওকে কিনে ভবিষ্যতে ব্রাজিলিয়ান সাম্রাজ্য গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছে রিয়াল। ফ্লেমিঙ্গো থেকে চলতি মৌসুমেই মাদ্রিদে এসেছেন ভিনিয়াস জুনিয়র। আগামী মৌসুমে সান্তোস থেকে যোগ দেবেন ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ভিনিসিয়াস ও রদ্রিগো দুজনের বয়সই ১৮ আর মিলিটাওয়ের ২১। তিনজনেই লম্বা সময় নিজেদের সেরাটা দেয়ার সুযোগ পাবেন রিয়ালের জন্য।

বিষয়:রিয়াল মাদ্রিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…