চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিজেদের ফেভারিট মানতে নারাজ জিনেদিন জিদান। তিনি বলছেন, শনিবারের ফাইনালে দুই দলের সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।
বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ ক্লাব লিভারপুল।
টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় মাদ্রিদ। অন্যদিকে ২০০৭ সালের পর থেকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারেনি লিভারপুল।
ম্যাচের আগে জিদান বলছেন, ‘সব ফাইনালের মতো এই ম্যাচেও দুদলের সম্ভাবনা ফিফটি-ফিফটি। জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। সাজঘরে আমরা নিজেদের মোটেই ফেভারিট ভাবছি না।’
এই ম্যাচের জন্য ইনজুরি নিয়ে জিদানের ভাবনা নেই। রোনালদোসহ সবাই শতভাগ সুস্থ।
রোনালদোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সে ভালো আছে। ম্যাচ জিততে মুখিয়ে। আজ শেষ অনুশীলন, তারপর মৌসুমের শেষ ম্যাচ। আমরা জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’








