স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: করোনা মহামারির মধ্যে আমাদের জিডিপির গড় এখনও ৬ পারসেন্ট আছে, অথচ পৃথিবীর সব দেশে মাইনাসে আছে।
তিনি বলেন: সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণ করতে পারবো এবং বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। এর ফলে আমাদের খাদ্যে অভাব হয়নি, কৃষি ঠিক চলছে, ইন্ডাস্ট্রি ও শিল্প-কলকারখানা ঠিক চলছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী তার সদ্যপ্রয়াত মা ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী আরও বলেন: যাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, তাদের ইকোনমি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই তারা বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে।
অনুষ্ঠানে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো.জাকির হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক ইউসুফর ফকির, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, প্রকল্প পরিচালক ডাক্তার খাঁন মোহাম্মাদ আরিফ ও পরিচালক ডাক্তার গৌতম রায়সহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মেডিকেল কলেজের ডাক্তার-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








