টাঙ্গাইলের বাসাইলে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫) এবং কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য প্রার্থীর এজেন্টরা অভিযোগ করলে ১০টি ব্যালট পেপারসহ তাকে আটক করা হয়।
আটক রাশেদ প্রায় ৪৮টি জাল ভোট দিয়েছে বলে স্বীকার করে বলেছেন, ওই ব্যালট পেপারগুলি সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানার কাছ থেকে নেয়া।
জাল ভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।








