ম্যানচেস্টার ইউনাইটেডে বাকি সবার জার্সিই এক, কেবল একজন আলাদা। সেই একজন নেমানিয়া মাতিচ। অন্যসবার মতো এই সার্বিয়ান খেলোয়াড়ের জার্সিতে কেনো থাকে না পপি ফুলের প্রতীক? সেটা নিয়ে ছিল অনেক প্রশ্ন। সম্প্রতি ইনস্টাগ্রামে সব প্রশ্নের এক বেদানাভরা উত্তর দিয়েছেন মাতিচ। যাতে জানা গেল দুঃস্মৃতির এক ইতিহাস!
গত রোববার ব্রমউইচের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাতিচের জার্সিতে ছিল না পপি ফুলের প্রতীক। ম্যাচের পরেই জল্পনার উত্তর জানান মাতিচ।
‘আমি জানি সবাই কেনো তাদের পপি ফুল জার্সিতে পরতে চায়। আমি সবার মতামতকে শ্রদ্ধা করি। তাদের প্রতি আমার ভালোবাসা যারা কোনো না কোনো যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছেন।’
‘এই পপি ফুলই আমাকে মনে করিয়ে দেয় আমার বয়স যখন ১২ তখন ন্যাটোর বোমারু বিমান আমাদের ভ্রেলো গ্রামে একের পর এক বোমা ফেলেছিল। আমার দেশ সার্বিয়া ১৯৯৯ সালে পুরো ধংসস্তূপে পরিণত হয়েছিল।’
‘তাই আমি যখন অতীতের কথা ভাবি, তখন মনে হয় পপি ফুল গায়ে জড়ানোর কোনো অধিকারই আমার নেই। পপি হয়তো ব্রিটেনে গর্বের প্রতীক, কিন্তু কখনো কখনো আমাকে ব্যক্তিগত জীবন নিয়েও যে ভাবতে হয়।’
উল্লেখ্য, এই পপি ফুল দিয়েই তৈরি হয় মাদক আফিম। তবে সব পপি ফুলই কিন্তু ক্ষতিকারক নয়। অনেক পপি ফুল শোভা পায় বাগানে। বলকান অঞ্চল ও মধ্য-পূর্ব এশিয়াতে মাদক তৈরির জন্য ব্যাপক হারে গোপনে চাষ করা হয় পপি ফুলের।








